ইয়র্কশায়ারের চিড়িয়াখানায় বাঘের ঘেরাটোপে ঝাঁপ, হামলায় মৃত্যু ব্যক্তির

বাঘের ঘেরাটোপে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। তার পরেই বাঘের হামলা। শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের একটি চিড়িয়াখানায় শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের আক্রমণে গুরুতর জখম হন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

শনিবার দুপুর দেড়টার কিছু পরে ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি কী কারণে বাঘের ঘেরাটোপে ঢুকেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তবে চিকিৎসাকর্মীদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ঘটনার কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ঘেরাটোপের মধ্যে এক ব্যক্তিকে বাঘের থাবার আঘাত এবং বাঘের জাপটে ধরার দৃশ্য দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এই ভিডিয়োগুলির সত্যতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাউথ ইয়র্কশায়ার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বাঘের আক্রমণে ওই ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। তিনি বলেন, “জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু চিকিৎসাকর্মীদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দুঃখজনকভাবে ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।”

নিরাপদেই রয়েছে বাঘ

ঘটনার পর বাঘটির অবস্থা নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে। সেই বিষয়ে স্পষ্ট করে পুলিশ জানিয়েছে, বাঘটি আহত হয়নি এবং ঘটনার পরেও ঘেরাটোপের মধ্যেই রয়েছে। সাধারণ মানুষের জন্য আর কোনও বিপদ নেই বলেও আশ্বস্ত করেছে তারা।

একই সঙ্গে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ‘মর্মান্তিক’ ভিডিয়োগুলি আর শেয়ার না করার আবেদন জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবার এবং তাঁদের শোকের প্রতি সম্মান দেখানোর কথাও মনে করিয়ে দিয়েছেন আধিকারিকেরা।

ঘটনার তদন্তে পার্ক কর্তৃপক্ষ

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘের ঘেরাটোপের মধ্যে একটি ‘গুরুতর ঘটনা’ ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থা কার্যকর করা হয় এবং জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কী ঘটেছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। দর্শনার্থী, কর্মী এবং পার্কের পশুপাখিদের নিরাপত্তা ও সুস্থতাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

কী ভাবে ওই ব্যক্তি বাঘের ঘেরাটোপে ঢুকলেন, নিরাপত্তাব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না এবং কী পরিস্থিতিতে হামলার ঘটনা ঘটল—এখন সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা।